খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২টা থেকে রবিবার (৮ নভেম্বর) ভোর ৫টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা নগরীর টুটপাড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানের একপর্যায়ে নূর আজিমের ঘনিষ্ঠ সহযোগী সবুজ শেখের বাসায় তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সবুজ শেখ (২৮), বিশ্বজিৎ হাওলাদার (২৭), তাসিন ওরফে কাজল (২০), রব্বানী সরদার (২৮), সাইফুল ইসলাম (২০) ও রাসেল শেখ (২৫)।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে নূর আজিম বাহিনীর ছয় সদস্যকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
