কার্তিকের শেষে আবহাওয়ার আকস্মিক খামখেয়ালিপনায় যশোরজুড়ে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ আর দিনে তীব্র গরমের কারণে জেলাজুড়ে বাড়ছে রোগবালাই। আবহাওয়া শুষ্ক হওয়া এবং বাতাসে ধুলাবালি বাড়ায় রোটা, রেসপিরেটরি সিনসিশিয়াল, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ও স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়ার সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, যার ফলে শিশুরা ব্রঙ্কিওলাইটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। একই সাথে রোটাভাইরাস ও নোরোভাইরাসের সক্রিয়তায় বাড়ছে ভাইরাল ডায়রিয়া। আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় যশোর জেনারেল হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই; শয্যা সংকটে রোগীরা মেঝে, বারান্দা ও করিডোরে শুয়ে চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত জেলায় ২০ হাজার ৭২৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। রোগীর মৃত্যু না হলেও গত ২৪ ঘণ্টায়(অর্থাৎ শনিবার ৭নভেম্বর থেকে রবিবার ৮নভেম্বর সকাল আটটা পর্যন্ত) এই রোগে আক্রান্ত হয়ে ৮টি স্বাস্থ কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন ৩৭জন।
তবে শীতের আগমনী বার্তার সাথে সাথে যশোর জেনারেল হাসপাতালে একই সময় গত ২৪ ঘণ্টায় এই প্রকোপ আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৮৫ জন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন আরও অর্ধশতাধিক। এর মধ্যে শুধুমাত্র সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্তই ভর্তি হয়েছেন ২৬ জন রোগী।
ডায়রিয়া ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা খাতুন জানান, ওয়ার্ডে মাত্র ৬টি বেডের বিপরীতে বর্তমানে ৮৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। অতিরিক্ত রোগীর চাপে ওয়ার্ডের বারান্দা ছাড়িয়ে প্রশাসনিক ভবনের নিচের বারান্দা পর্যন্ত রোগীদের শয্যা পাততে হয়েছে। জনবল সংকটের মধ্যে সেবা দিতে হচ্ছে রোগীদের। ওয়ার্ডে ওষুধে সমস্য না থাকলেও হঠাৎ করে রোগীর বৃদ্ধির কারনে ওষুধ সরবরাহ কমে গেছে ওয়ার্ডে। ফলে রোগীদের বাহির থেকে ওষুধ কিনতে হচ্ছে।
অন্যদিকে, ডায়রিয়ার পাশাপাশি শিশুদের ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত রোগের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ড ঘুরে দেখা গেছে এক করুণ চিত্র। সেখানে মাত্র ২৪টি বেডের বিপরীতে বর্তমানে ১২৫ জন পর্যন্ত শিশু চিকিৎসাধীন রয়েছে। বেড না পেয়ে অধিকাংশ শিশুকে মেঝেতে রেখেই চিকিৎসা দিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। একই চিত্র দেখা গেছে নিউনেটাল ব্লকেও, যেখানে মাত্র ১০টি নবজাতকের বেডের বিপরীতে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে ২৬ জন নবজাতক। পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ডের পরিস্থিতিও প্রায় একই রকম।
হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আবহাওয়া পরিবর্তনজনিত কারণে মোট ৪৫৫জন রোগী অন্ত ও বহিবিভাগ থেকে জরুরি চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে রোববার (৮ নভেম্বার) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটার মধ্যে শুধুমাত্র শিশু বহির্বিভাগের ১১৩ ও ১১৪ নম্বর কক্ষ থেকে ১৯২জন শিশু প্রাথমিক চিকিৎসা পেয়েছে। এছাড়া পুরুষ বহির্বিভাগে ২৫ জন এবং মহিলা বহির্বিভাগে ৫২ জন সেবা নিয়েছেন। একই সময়ে ঠান্ডাজনিত তীব্র সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৬ জন রোগী, যার মধ্যে ১৫৭জন শিশু, ১৮ জন পুরুষ এবং ১১ জন নারী রয়েছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার হাবিবা সিদ্দিকা ফোয়ারা জানান, কখনো শীত কখনো গরম, আবার সকালে গরমের সাথে বাতাসে রোটা ভাইরাসের উপস্থিতি ও মধ্যরাত থেকে শীত আবহাওয়ার এই খামখেয়ালিপনাকেই মূলত এই রোগ বৃদ্ধির জন্য দায়ী করছেন চিকিৎসকরা।
ভুক্তভোগী যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের আমেনা বেগম জানান, শুক্রবার রাতে (৭নভেম্বার) হঠাৎ বমি সাথে বাথরুম দেখা দেয় ছেলে কুদ্দুসের(১২)। স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন। কিন্তু কাজ না হওয়ায় গভীর রাতে তিনি শিশুকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। কিন্তু বেড না পেয়ে ওয়ার্ডের মেঝেতে কাতরাচ্ছে।
হাসপাতালের শিশু ওয়ার্ডের ইনর্চাজ সেবিকা জেসমিন খাতুন বলেন, ওয়ার্ডে ২৪টা বেড রয়েছে। এর মধ্যে শিশু ভর্তি আছে ১৫৭জন শিশু । অতিরিক্ত শিমুদের মেঝেতে চিকিৎসা নিতেদ হচ্ছে। বর্তমানে শিশুদের কোন অষুদের সংকট নেই বলে তিনি জানান।
যশোর জেনারেল হাসপাতালের নার্সিং তত্ত্বাবধায়ক রহিমা আক্তার বলেন, হাসপাতাল ২৫০শয্যা কিন্তু রোগী থাকছে ৬শ জনের বেশি। এর মধ্যে বিভিন্ন ভাইরাস জনিত রোগীও চিকিৎসা নিছে। সেবিকারা তাদের সাধ্যমত সেবা দিতে চেষ্ঠা করছে।
মেডিসিন বিশেষজ্ঞ সহকারি অধ্যাপক ডাক্তার আবু হায়দার মনিরুজ্জামান বলেন, শীতের শুরুতে রোটাভাইরাস, নোরোভাইরাস এবং অ্যাডিনোভাইরাস বেশি সক্রিয় হয়ে ওঠে, যা ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস বা ডায়রিয়া সৃষ্টি করে। এটি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে বা ড্রপলেটের মাধ্যমে দ্রুত ছড়ায়। এছাড়া শীতকালে মানুষের তৃষ্ণা কম পাওয়ায় পর্যাপ্ত পানি ও তরল না খাওয়ায় শরীর পানিশূন্য হয়ে পড়ে এবং হজম প্রক্রিয়া ধীর হয়। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় পরিপাকতন্ত্র ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে, ফলে জীবাণু সহজেই আক্রমণ করতে পারে।
শিশুরোগ বিশেসজ্ঞ ডাক্তার আব্দুস সামাদ বলেন, আবহাওয়ার শুষ্কতা ও বাতাসে ধুলাবালির কারণে রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা এবং স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার মতো ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্রুত ছড়াচ্ছে। যার ফলে শিশুদের শ্বাসনালীতে সংক্রমণ (ব্রঙ্কিওলাইটিস) ও ফুসফুসে সংক্রমণ (নিউমোনিয়া) দেখা দিচ্ছে।
উভয় চিকিৎসকদের পরামর্শ, এই সময়ে সুস্থ থাকতে হলে সঠিক জীবনযাত্রা এবং বাড়তি সচেতনতার কোনো বিকল্প নেই। শিশুদের সবসময় হালকা গরম কাপড়ে রাখতে হবে যেন অতিরিক্ত ঘেমে না যায়। ঘরের ভেতরের বাতাস চলাচলের সুব্যবস্থা রাখা, ধুলাবালি থেকে দূরে রাখা এবং পুষ্টিকর ও সুসগরম খাবার খাওয়ানো উচিত। এছাড়া শিশুর শ্বাস দ্রুত চলা, বুক দেবে যাওয়া বা অতিরিক্ত জ্বরের মতো কোনো লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত বলেন, “আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের কারণে হঠাৎ রোগীর চাপ বহুগুণ বেড়ে গেছে। আমরা সীমিত শয্যা ও জনবল নিয়েও সাধ্যমতো রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় আমাদের মেঝেতে রেখেও চিকিৎসা দিতে হচ্ছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ওষুধ ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করছি।
তিনি পরামর্শ হিসাবে অভিভাবকদের সচেতনতার সাথে শিশুদের বিশেষ যত্ন নিতে বলেছেন। শিশুদের জ্বর নিয়ন্ত্রণে রাখতে পুরো শরীর নরম কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে বারবার মুছে দিতে নির্দেশ দিয়েছেন। একই সাথে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাবে না। এই সময়ে গরম-ঠাণ্ডার কারণে শিশুদের নাক বন্ধ থাকা, বমি বমি ভাব বা খাবারে অরুচি হতে পারে, তাই পুষ্টিকর ও ডাবসহ তরল খাবারের প্রতি জোর দিতে অভিভাবকদের নিদেশ দিয়েছেন।”
যশোর সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা বলেন, সাধারন্ত শীতের শুরুতে ভাইরাস জনিত কারনে জেলাজুড়ে বিভিন্ন বয়সের মানুষ ডায়রিয়া, ভাইরাল ফিভার, নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং অ্যাজমার রোগে আক্রান্ত হচ্ছে। হঠাৎ করে রোগী বৃদ্ধি পাওয়ার কারনে সঠিক কোন ভাইরাসে আক্রান্ত হচ্ছে এখন সঠিক ভাবে বলা যাচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগের কারণ নির্ণয় করা সম্ভব হবে।
