মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

টঙ্গীতে ব্যবসায়ী ও শ্রমিকদের নিরাপত্তায় মানববন্ধন, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা

টঙ্গী (গাজীপুর )প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ১০:১৭ পিএম

টঙ্গীতে ব্যবসায়ী ও শ্রমিকদের নিরাপত্তায় মানববন্ধন, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা

গাজীপুরের টঙ্গী গাজীপুরা এলাকায় চুরি, ছিনতাই ও অস্ত্রের ভয় দেখিয়ে লুটপাট বন্ধসহ নাগরিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শ্রমিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন থেকে ‘ছিনতাইমুক্ত গাজীপুরা চাই’, ‘নিরাপদ ব্যবসা ও কর্মস্থল চাই’ এবং ‘রাতে নির্বিঘ্নে চলাচলের নিশ্চয়তা চাই’-এমন স্লোগান দেওয়া হয়। 
মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী শাহিন আহমেদ, জুয়েল, মামুন, আব্দুর রাজ্জাক, আনোয়ার এবং গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সজীব আবুল সিকদার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এলাকায় চুরি, ছিনতাই ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে লুটপাটের ঘটনায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পোশাকশ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। বিশেষ করে গভীর রাত থেকে ভোর পর্যন্ত কর্মস্থলে যাতায়াতকারী শ্রমিক ও ব্যবসায়ীরা বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। এ পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে।

বক্তারা আরও বলেন, নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। তাঁরা কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চান না; বরং আইনের শাসন, অপরাধীদের গ্রেপ্তার এবং নিরাপদ পরিবেশে বসবাস ও চলাচলের নিশ্চয়তা চান। অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে। তারা বলেন, নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার।

মানববন্ধন থেকে প্রশাসনের কাছে ১০ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ব্যবসায়ী ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা; অস্ত্রধারী অপরাধী ও ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তার; রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিশেষ পুলিশি টহল জোরদার; গাজীপুরা বাসস্ট্যান্ডে সিসিটিভি স্থাপন; পোশাকশ্রমিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, গাজীপুরা বাসস্ট্যান্ড, সাতাইশ টেক্সটাইল গেটের মোড়, স্যাটার্ন টেক্সটাইলের সামনে ও হোপলুন ফ্যাক্টরির পেছনে পুলিশি চেকপোস্ট ও নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সিসিটিভি ক্যামেরা সচল রাখা; ভুক্তভোগীদের হয়রানিমুক্তভাবে অভিযোগ গ্রহণ এবং প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও এলাকাবাসীর সমন্বয়ে যৌথ নিরাপত্তা কমিটি গঠনের দাবি জানানো হয়।
এ সময় বক্তারা প্রশাসনের প্রতি গাজীপুরা এলাকার নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় এলাকাবাসী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবেন বলে ঘোষণা দেন।

প্রসঙ্গত, গাজীপুরা বাঁশপট্টি, সাতাইশ রোড, খরতৈল, শালিকচূড়া, এরশাদনগর, এশিয়া পেট্রোলপাম্প, হোসেন মার্কেট ও খাঁ-পাড়া এলাকায় অহরহ চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিশেষ করে এলাকাটি গার্মেন্টস কারখানা অধ্যুষিত হওয়ায় শ্রমিকদের বেতন পাওয়ার সময় হলে অপরাধীদের অপতৎপরতা বেড়ে যায়। এছাড়া এ এলাকা দিয়ে ভোররাতে চলাচলরত মাছ ব্যবসায়ীরা প্রায়ই ছিনতাইকারিদের টার্গেটে পরিণত হয়। 

দৈনিক মুক্তবাণী

Link copied!