যশোরের স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়ন ও আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। যশোর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাকে এই পদে মনোনীত করেছে।
এদিকে মঙ্গলবার সংবাদটি যশোরের ছড়িয়ে পড়লে শুরু হয় ফেসবুকসহ সকল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে শুভেচ্ছা বার্তা।
হাসপাতাল দপ্তর সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব তামান্না তাসনীম স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নের বিষয়টি জানানো হয়। ইতিমধ্যে এই সংক্রান্ত সরকারি চিঠিটি যশোর জেনারেল হাসপাতালসহ জেলার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরের স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে যশোর মেডিকেল কলেজ এবং ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে বেশ কিছু বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পূর্ণাঙ্গভাবে চালু করার জোর প্রস্তুতি এবং একটি আধুনিক নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালুর বিশেষ উদ্যোগ। এর পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসা সহায়তায় হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করার সর্বাত্মক প্রচেষ্টা চলছে। অন্যদিকে, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে।
জেলার সচেতন নাগরিক ও স্বাস্থ্য সংশ্লিষ্টরা মনে করছেন, যশোরের চিকিৎসাসেবার পরিধি বাড়াতে, আধুনিক চিকিৎসাসুবিধা নিশ্চিত করতে এবং হাসপাতালের চিকিৎসা সক্ষমতা বৃদ্ধির এই ক্রান্তিলগ্নে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের মতো একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পাওয়া অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
এ বিষয়ে জানতে চাইলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, “পদাধিকারবলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাঁর এই দায়িত্বের বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে।” এর ফলে হাসপাতালের চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
