রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

১৫ বছর আগের জমি বিরোধের জেরে বিএনপি নেতাকে হত্যা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৯:১২ পিএম

১৫ বছর আগের জমি বিরোধের জেরে বিএনপি নেতাকে হত্যা

যশোরে মসজিদের সামনে বিএনপি নেতা শেখ আবু তালেবকে (৭০) কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। জমি কেনাকে কেন্দ্র করে ১৫ বছর ধরে চলা বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

নিহত আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য ছিলেন। 
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে আবু তালেবের ওপর হামলা চালানো হয়। এ সময় ধারালো হাসুয়া দিয়ে তার মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। হামলার পর শফিয়ার ঘটনাস্থল থেকে সরে যান। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের দাবি, প্রায় ১৫ বছর আগে শফিয়ার শেখের জমির পাশে একটি জমি কেনে আবু তালেবের পরিবার। ওই জমিটি কেনার আগ্রহ ছিল শফিয়ারেরও। কিন্তু জমিটি আবু তালেবের পরিবার কিনে নেওয়ায় দুই পরিবারের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এরপর থেকে জমি নিয়ে তাদের বিরোধ চলে আসছিল। দুই পরিবারের সদস্যরা দূরসম্পর্কের আত্মীয় বলেও জানা গেছে।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আবু তালেবকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল।
হাসপাতালে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শফিয়ার শেখকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক মুক্তবাণী

Link copied!