যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে (৬৭) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মুসা মাহমুদ ঝিকরগাছা উপজেলা সদরের কৃষ্ণনগর গ্রামের মৃত শাহেদ আলি বিশ্বাসের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুসা মাহমুদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তার বিরুদ্ধে ঠিক কতটি মামলা রয়েছে জানতে চাইলে ডিবি ওসি জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং পূর্বের নথিপত্র যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। যাচাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
