ভবদহ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বাড়াতে ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় সেচব্যবস্থার উন্নয়ন ও পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এতে ১৭ হাজার ২০০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে এবং বছরে ৭০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে প্রকল্পের পাশাপাশি ভবদহের স্থায়ী সমাধানে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি ও ভবদহ পানি নিষ্কাশন কমিটির নেতারা।
শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ অমিত্রাক্ষরে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভায় এসব আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান অতিথি ছিলেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ভবদহ এলাকায় ছোট-বড় ৫২টি বিল রয়েছে। প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলার ২১টি উপজেলার মানুষ সরাসরি উপকৃত হবেন। বৃহত্তর যশোর অঞ্চলের কৃষি উন্নয়নেও এর ইতিবাচক প্রভাব পড়বে। প্রকল্পের মাধ্যমে সেচব্যবস্থার উন্নয়ন, পাম্প স্থাপন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।
সভায় ভবদহের জলাবদ্ধতার কারণ তুলে ধরে বলা হয়, হরি নদীতে প্রায় ৯ ঘণ্টা জোয়ার এবং ৩ ঘণ্টা ভাটা হয়। জোয়ারের পানির প্রবাহ বেশি হলেও ভাটার সময় পানির প্রবাহ কম থাকায় নদী দিয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে নদী ও খালে অতিরিক্ত পলি জমে নাব্যতা কমে যাচ্ছে। এতে বিলগুলোতে বছরের অধিকাংশ সময় পানি জমে থাকছে এবং কৃষিকাজ ব্যাহত হচ্ছে।
উন্মুক্ত আলোচনায় স্থানীয় কৃষক প্রদত্ত বিশ্বাস বলেন, বিদ্যুৎচালিত পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন করা গেলে কৃষকরা উপকৃত হবেন। দুই-তিন দশক ধরে খালগুলো খনন না করায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। খাল পুনঃখনন এবং ফসল পরিবহনের জন্য রাস্তা নির্মাণ করা হলে কৃষকরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারবেন। কামরুজ্জামান বলেন, খনন করা নদীগুলোতেও আবার পলি জমতে শুরু করেছে। ফলে পানি প্রবাহ কমে যাচ্ছে। নদীর পলি অপসারণ ও সেচ পাম্পগুলো সচল রাখা জরুরি।
ভবদহ পানি নিষ্কাশন কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ বলেন, ভবদহের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনের একমাত্র কার্যকর উপায় টিআরএম। শুধু সেচব্যবস্থার মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। টিআরএম ছাড়া সেচ প্রকল্পকে বিকল্প হিসেবে তাঁরা মেনে নেবেন না। নদীর পলি বিলের মধ্যে স্থানান্তরের ব্যবস্থারও দাবি জানান তিনি।
অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান বলেন, পলি ব্যবস্থাপনা নিশ্চিত না করে নদী-খাল খনন করলে কোনো স্থায়ী সুফল পাওয়া যাবে না। টিআরএমের মাধ্যমে পলি ব্যবস্থাপনা করতে হবে। ভবদহ পানি নিষ্কাশন কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, মাথাভাঙা নদীর সঙ্গে ভৈরব নদীর সংযোগ স্থাপন করা প্রয়োজন। এতে উজানের পানি নিষ্কাশন এবং পদ্মা ব্যারেজের সুফল পাওয়া সহজ হবে। তিনি বলেন, বিএডিসির সেচ প্রকল্প বাস্তবায়ন হলেও সেটিকে টিআরএমের বিকল্প হিসেবে দেখা যাবে না।
যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনও টিআরএম ছাড়া অন্য প্রকল্পের বিরোধিতা করেন। তিনি উপস্থিত চার মন্ত্রীর উদ্দেশে বলেন, বিএডিসির প্রকল্পে অর্থ ব্যয় না করে ভবদহের জন্য টিআরএম ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, ভবদহের সমস্যা শুধু এ এলাকার নয়, এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের সমস্যা। নদী ও খালগুলো পুনরুদ্ধারের পাশাপাশি নদীতে মাছ চাষের জন্য নির্মিত বাঁধ অপসারণ করতে হবে।
নদী খননকাজের অগ্রগতি তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশিদ বলেন, ৮২ কিলোমিটার নদীর মধ্যে ৬০ কিলোমিটার খননকাজ সম্পন্ন হয়েছে। ডিসেম্বর থেকে মার্চের মধ্যে বাকি অংশের কাজ শেষ করা সম্ভব হবে। তবে নদীগুলোতে অতিরিক্ত পলি জমার কারণে নিয়মিত পলি ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, আমডাঙা খালের কাজ বাস্তবায়নে প্রায় ১৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের একটি প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে খালের কাজ শুরু করা হবে। কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান বলেন, কৃষক ও কৃষির উন্নয়নই সরকারের লক্ষ্য। স্থানীয় মানুষের চাহিদা বিবেচনা করেই বিএডিসির প্রকল্প নেওয়া হয়েছে। এলাকার মানুষ প্রকল্পটি না চাইলে তাঁদের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি বলেন, জলাবদ্ধতার কারণে এ এলাকার শিশুদের শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। এ সমস্যা বিবেচনায় শিক্ষা সহায়ক উঁচু ভবন নির্মাণের বিষয়টিও ভাবা হচ্ছে। জনপ্রতিনিধিদের স্থানীয় মানুষের চাহিদা ও মনোভাব বুঝে কাজ করার আহ্বান জানান তিনি।
যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক বলেন, বিভিন্ন স্থানে ঘের মালিকদের অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। অবৈধ বাঁধ অপসারণ এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী বলেন, ফারাক্কা বাঁধের কারণে এ অঞ্চলের পানি সমস্যার সূত্রপাত হলেও ভবিষ্যৎ সমাধানে পদ্মা ব্যারেজের বিষয়টি গুরুত্ব দিতে হবে। সেচ প্রকল্পের পাশাপাশি টিআরএম ব্যবস্থা চালু রাখা এবং আইন অনুযায়ী ঘেরের বেড়ি নির্মাণ নিশ্চিত করার দাবি জানান তিনি।
পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য দীর্ঘমেয়াদি পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আইভিএম, সিজিএস ও বুয়েটের সহযোগিতায় এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে এবং প্রায় ৬০ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। তবে দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নের আগ পর্যন্ত ভবদহের জলাবদ্ধতা নিরসনে স্বল্পমেয়াদি উদ্যোগ নিতে হবে। ভৈরব ও মুক্তেশ্বরী নদীর সংযোগ এবং আমডাঙা খালসহ সংশ্লিষ্ট নদী-খালগুলোর পানি প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ভবদহ এলাকার ৫০ থেকে ৬০ কিলোমিটার খাল রূপসা ও শিবসা নদীর সঙ্গে সংযুক্ত করা গেলে স্থায়ী সুবিধা পাওয়া সম্ভব বলেও উল্লেখ করেন। স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সরকার দ্রুত ভবদহ সমস্যার সমাধান করতে চায়। বিএডিসির প্রস্তাবিত প্রকল্পটি টিআরএমের সহযোগী প্রকল্প হিসেবে কাজ করতে পারে। ভবদহ এলাকার মাটির পিএইচ ৬ দশমিক ২৫, যা কৃষির জন্য অত্যন্ত উপযোগী। পাম্পের মাধ্যমে পানি সরবরাহের পাশাপাশি এ অঞ্চলে উন্মুক্ত মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে উল্লেখ করে তিনি স্থানীয় কৃষক ও অভিজ্ঞ ব্যক্তিদের মতামতের ভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
সভায় আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেন, ভবদহের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হওয়া প্রয়োজন। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করে এলাকার জন্য কার্যকর সমাধান গ্রহণের আহ্বান জানান তিনি।
সভায় বক্তাদের আলোচনায় উঠে আসে, ভবদহের জলাবদ্ধতা নিরসনে শুধু সেচ প্রকল্প কিংবা নদী খনন যথেষ্ট নয়; প্রয়োজন দীর্ঘমেয়াদি ও সমন্বিত পলি ব্যবস্থাপনা। একই সঙ্গে স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে টিআরএম, নদী-খাল পুনরুদ্ধার, অবৈধ বাঁধ অপসারণ ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
