রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

গাজীপুরে সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা

শাহানাজ পাটোয়ারী, গাজীপুর

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০২:৪২ পিএম

গাজীপুরে সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা

ছবি: দৈনিক মুক্তবাণী

বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুরে সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় গাজীপুর মহানগরের ১৭ নম্বর ওয়ার্ডের যোগীতলা (নতুন) বাজার সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল—‘ডায়াবেটিস, দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র, ২৮ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও গাজীপুরের মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাসান আজমল ভূঁইয়া। প্রধান আলোচক ছিলেন টঙ্গী সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। উদ্বোধন করেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল হালিম মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত কাউন্সিলর মো. খায়রুল আলম (বি.এসসি.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, গাজীপুরের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি আলহাজ্ব হাসান আজমল ভূঁইয়া ডায়াবেটিস রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সময়মতো পরীক্ষা, সচেতনতা এবং নিয়মিত চিকিৎসার বিকল্প নেই। পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রমে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।
প্রধান আলোচক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন, সমাজের কল্যাণে যারা কাজ করেন, তাঁরা মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। সমাজকর্মীরা কখনো মারা যান না; তাঁদের মানবিক কাজের মধ্য দিয়েই তাঁরা স্মরণীয় হয়ে থাকেন। তিনি সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের উদ্বোধক আব্দুল হালিম মোল্লা তাঁর বক্তব্যে বলেন, প্রতিষ্ঠানটি তাঁর নির্বাচনী এলাকার মধ্যে অবস্থিত। তাই এ প্রতিষ্ঠানের মানবিক কার্যক্রমের সঙ্গে এলাকাবাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি তাঁর জন্য সবার দোয়া কামনা করেন।
২৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদসহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক ও মানবিক কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মো. খায়রুল আলম ফাউন্ডেশনের কার্যক্রম ও এর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার মধ্য দিয়েই একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের উদ্যোগে যাঁরা সহযোগিতা করছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা। পাশাপাশি বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এতে স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, শুধু র‍্যালি ও আলোচনা সভার মধ্যেই সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরিই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ও সদর মেট্রো থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ১৭ ও ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, চিকিৎসক, সমাজসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা।
 

জেএইচ

Link copied!