বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নোয়াখালীতে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে যুবকের মাটিচাপা মরদেহ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০১:৪৮ পিএম

নোয়াখালীতে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে যুবকের মাটিচাপা মরদেহ

নোয়াখালীর চাটখিলে উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর মো. রাসেল (২৬) নামে এক যুবকের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের চৌকিদার বাড়িতে তার শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী মুক্তা বেগমসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহত রাসেল নোয়াখালী ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেলের সঙ্গে তার স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। গত ৬ নভেম্বর রাতে মুক্তা বেগম ফোন করে রাসেলকে শ্বশুরবাড়িতে ডেকে নেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরদিন ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। স্থানীয়দের দাবি, রাসেল নিখোঁজ হওয়ার পরদিন থেকেই তার স্ত্রী মুক্তা বেগম ও পরিবারের অন্য সদস্যরা বাড়িতে তালা দিয়ে চলে যান।

বুধবার গভীর রাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ওসি (তদন্ত) এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ স্থানীয় লোকজন রাসেলের শ্বশুরবাড়িতে যান। এ সময় বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে তাদের সন্দেহ হয়। পরে ঘরটির ভেতরে খোঁজাখুঁজি করে মাটিচাপা দেওয়া অবস্থায় রাসেলের মরদেহ পাওয়া যায়। মরদেহটি মাটিচাপা দিয়ে তার ওপর পুরোনো লেপ-তোশক রাখা হয়েছিল।

নিহত রাসেলের বাবা সিরাজুল ইসলাম বলেন, গত ৬ নভেম্বর রাতে মুক্তা ফোন করে আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আর তার কোনো খোঁজ পাইনি। ওরা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করে মাটিচাপা দিয়ে রেখেছে। আমি আমার ছেলে হত্যার প্রধান আসামি মুক্তা বেগমসহ জড়িত সবার দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ বিষয়ে চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা বলেন, রাসেল দলের একজন ত্যাগী নেতা ছিলেন। চাটখিল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমাদের এই সহযোদ্ধার হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাস্থল ও পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করে পুলিশ পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটির সন্ধান পায়। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

জেএইচ

Link copied!