মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের কয়েকটি এলাকায় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতভর কয়েকটি এলাকায় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করছে পুলিশ। তবে এ ঘটনায় আহতদের সুনির্দিষ্ট সংখ্যা, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত কাল রাতের ঘটনায় চারজন আহত ছিলেন। তবে সকালের ঘটনায় কতজন আহত হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। অভিযোগ পেলে মামলা হবে।
