বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
শ্রমিক অসন্তোষ

গাজীপুরে ৯ কারখানা ছুটি, দুটি বন্ধ ঘোষণা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৩:১০ পিএম

গাজীপুরে ৯ কারখানা ছুটি, দুটি বন্ধ ঘোষণা

গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে ৯টি পোশাক কারখানায় ছুটি এবং দুটিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শ্রমিক আন্দোলনের পর এ সিদ্ধান্ত নেয় কারখানা কর্তৃপক্ষ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় এমএম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তা পরিস্থিতির কারণে কারখানা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
সকালে কারখানার প্রধান ফটকে এ বিষয়ে একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে গত ১০ নভেম্বর দুপুর থেকে শ্রমিকরা কাজে যোগ দেয়নি।
শ্রমিকরা কারখানায় এসে কর্মবিরতি পালন করে। তাদের কাজে যোগ দিতে অনুরোধ করা হয়।
কিন্তু যৌক্তিক কারণ ছাড়াই শ্রমিকরা উচ্ছৃঙ্খলভাবে কারখানা ভাঙচুর করে ও কারখানা ত্যাগ করে। শ্রমিকদের এমন আচরণ বেআইনি ধর্মঘটের শামিল। পরে কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানার সম্পত্তি ও জানমাল রক্ষার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে লেবেন্ডা এবং এপেক্স কারখানার শ্রমিকরা। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ভোগান্তিতেও পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে যানবাহন চলাচল এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভের কারণে গাজীপুরের বিভিন্ন এলাকায় ৯টি কারখানা বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কোনাবাড়ী এলাকায় দুইটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জেএইচ

Link copied!