শিক্ষার্থীদের লেখার দক্ষতা ও আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে প্রিমিয়ার ইউনিভার্সিটির সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টিতে রাইটিং সেন্টার প্রতিষ্ঠা, ইংরেজি বিভাগে ফেলো এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু এবং আমেরিকান কর্নারের কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
সোমবার মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিদর্শন করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়।
বৈঠকে শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের একাডেমিক লেখালেখি, ভাষাগত দক্ষতা ও যোগাযোগ সক্ষমতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ে একটি রাইটিং সেন্টার প্রতিষ্ঠার সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কেন্দ্র চালু হলে শিক্ষার্থীরা গবেষণাপত্র, একাডেমিক প্রবন্ধ ও পেশাগত লেখালেখিতে আরও দক্ষ হয়ে উঠতে পারবেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সঙ্গে ফেলো এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ তৈরি এবং আমেরিকান কর্নার চট্টগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়।
সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে অবস্থিত আমেরিকান কর্নার চট্টগ্রাম পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ এবং মার্কিন সরকারের বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে বিশেষ উপস্থাপনা দেওয়া হয়। এতে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, একাডেমিক ও পেশাগত বিনিময় কর্মসূচি এবং অংশগ্রহণের প্রক্রিয়া তুলে ধরা হয়।
প্রতিনিধিদলে ছিলেন মার্কিন দূতাবাসের জনসম্পৃক্ততা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রিচার্ড ব্রুনার, যুবসম্পৃক্ততা বিশেষজ্ঞ জোনাথন গোমেজ এবং একাডেমিক ও প্রফেশনাল এক্সচেঞ্জ কার্যক্রমের অ্যালামনাই সমন্বয়ক শামস বিন নাফিজ। তাঁদের সঙ্গে ছিলেন আমেরিকান কর্নার চট্টগ্রামের আইনবিষয়ক প্রধান যোগাযোগ কর্মকর্তা সাদাত জামান খান, কো-অর্ডিনেটর আর. রাফি হোসেন ও সহকারী কো-অর্ডিনেটর ফাইজা চৌধুরী।
প্রতিনিধিদলের সদস্যরা আমেরিকান কর্নারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের সহযোগিতার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের আন্তর্জাতিক অভিজ্ঞতা, গবেষণা ও দক্ষতা উন্নয়নের নতুন সুযোগ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন।
