প্রিমিয়ার ইউনিভার্সিটির ভৌত অবকাঠামো, সার্বিক উন্নয়ন, অডিট, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জিইসি মোড়স্থ প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত বোর্ডের সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।
সভায় বিগত বোর্ড অব ট্রাস্টিজ ও সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন এবং সিটি কর্পোরেশনের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) মোঃ মাহবুব আলম তালুকদার অনলাইনের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনিরও উপস্থিত ছিলেন।
সভার সমাপনী বক্তব্যে চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
